প্রায় এক দশক পর ঢাকার মঞ্চে ফিরলেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী শুক্রবার রাতে রাজধানীর মাদানী এভিনিউয়ে আয়োজিত কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখেন। নিজের জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গান এবং আন্তর্জাতিক শিল্পীদের পরিচিত সুর পরিবেশন করে সংগীতপ্রেমীদের জন্য উপভোগ্য এক সন্ধ্যা উপহার দেন তিনি।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন ওটিলিয়া। শুরুতেই পরিবেশন করেন তাঁর বহুল পরিচিত গান ‘বিলিওনেরা’। গানের প্রথম সুর বেজে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক। করতালি, চিৎকার আর গানের সঙ্গে কণ্ঠ মেলানোর মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো কনসার্ট প্রাঙ্গণ।
এরপর একে একে নিজের জনপ্রিয় গান ‘ডায়ামান্তে’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেন এই পপতারকা। পুরো পরিবেশনায় তাঁর মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য। কখনো মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, কখনো হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানিয়েছেন। তাঁর সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররাও। গান ও নাচের সমন্বয়ে মঞ্চজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
প্রায় এক ঘণ্টার পরিবেশনায় দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হন ওটিলিয়া। বিশেষ করে পরিচিত গানগুলোর পাশাপাশি নতুন পরিবেশনা যুক্ত হওয়ায় কনসার্টটি পেয়েছে ভিন্ন মাত্রা।
ঢাকায় আসার আগে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, কনসার্টেও তার প্রতিফলন দেখা যায়। নতুন গানটি পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন তিনি। গানটি ছড়িয়ে দিতে এবং তাঁর পাশে থাকতে ভক্তদের প্রতি আহ্বান জানান। নতুন সুরেও উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই গানটির প্রতি আগ্রহ দেখান।
পরিবেশনার শেষ দিকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের আরেক জনপ্রিয় শিল্পী শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশন করেন ওটিলিয়া। পাশাপাশি একটি পাঞ্জাবি গানও শোনান তিনি। এ সময় দর্শকদেরও তাঁর সঙ্গে গলা মেলানোর আহ্বান জানান। পরিচিত সুর শুনে অনেকেই কণ্ঠ মেলান। শিল্পী ও দর্শকের সম্মিলিত অংশগ্রহণে কনসার্টের শেষ ভাগ হয়ে ওঠে আরও উৎসবমুখর।
ওটিলিয়ার মূল পরিবেশনার আগে সন্ধ্যা ৬টায় শুরু হয় কনসার্ট। শুরুতে মঞ্চে সংগীত পরিবেশন করে দেশের ব্যান্ড লেভেল ফাইভ এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। নিজেদের জনপ্রিয় গান দিয়ে দর্শকদের বিনোদিত করেন তাঁরা। মূল আকর্ষণ ওটিলিয়ার পরিবেশনার আগে দুই সংগীত পরিবেশনা কনসার্টের আবহ তৈরি করে দেয়।
আয়োজকদের পক্ষ থেকে বেলা ৩টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এরপর থেকেই আসতে শুরু করেন দর্শকরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। সন্ধ্যার পর কনসার্ট প্রাঙ্গণে সংগীতপ্রেমীদের ভিড় আরও জমে ওঠে।
দীর্ঘ বিরতির পর ঢাকায় ওটিলিয়ার এই প্রত্যাবর্তন তাঁর ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। ‘বিলিওনেরা’ ও ‘ডায়ামান্তে’র মতো পরিচিত গান, নতুন সংগীত পরিবেশনা এবং আন্তর্জাতিক জনপ্রিয় গানের সমন্বয়ে সাজানো হয়েছিল তাঁর পরিবেশনা। প্রায় এক ঘণ্টার মঞ্চ উপস্থিতিতে নাচ, সুর ও দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে আবারও ঢাকার শ্রোতাদের সামনে নিজের জনপ্রিয়তার প্রমাণ দেন এই রোমানিয়ান পপতারকা।














