বিলবোর্ড বক্সস্কোরে বিটিএসের রাজত্ব: ভাঙল রোলিং স্টোনসের রেকর্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস কে-পপের সীমানা ছাড়িয়ে এবার বিশ্ব লাইভ মিউজিক ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। ব্যান্ডটির চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ বিশ্বজুড়ে এমন এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি করেছে, যা বিলবোর্ড বক্সস্কোরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। লাইভ কনসার্ট থেকে মাত্র এক মাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে এখন অনন্য এক উচ্চতায় অবস্থান করছে এই পপ সেনসেশন। এর আগে এই রেকর্ডটির মালিক ছিল ব্রিটিশ রক সংগীতের কিংবদন্তি ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’।

বিলবোর্ডের প্রকাশিত বক্সস্কোর ডেটা অনুসারে, গত ২ মে থেকে ২৮ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত মাত্র ১২টি শো থেকে ১২৭ দশমিক ৮ মিলিয়ন ডলার আয় করেছে বিটিএস। এই অবিশ্বাস্য উপার্জনের ওপর ভর করে তারা বিলবোর্ডের ‘টপ ট্যুরস’ চার্টের শীর্ষস্থানটি দখল করে নিয়েছে। মে মাসের এই স্বল্প সময়ে ব্যান্ডটির মোট ৬ লাখ ৪১ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা বর্তমান সময়ের লাইভ কনসার্ট ইন্ডাস্ট্রিতে এক মহাবিস্ময় হিসেবে দেখা হচ্ছে।

মে মাসে বিটিএসের এই সংগীতসফরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে টানা চার রাতের কনসার্ট। শুধু এই চারটি শো থেকেই ব্যান্ডটি ঘরে তুলেছে ৪৯ দশমিক ৫ মিলিয়ন ডলার, যেখানে হাজির হয়েছিলেন প্রায় ২ লাখ ৪৬ হাজার ভক্ত। লাস ভেগাস ছাড়াও ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং মেক্সিকো সিটির প্রতিটি কনসার্ট ছিল পুরোপুরি হাউসফুল। বিশেষ করে মেক্সিকো সিটির স্টেডিয়ামগুলোতে স্থানীয় ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

এক মাসে এই বিপুল অংকের অর্থ উপার্জনের মধ্য দিয়ে বিটিএস বেশ অনায়াসেই ভেঙে দিয়েছে দ্য রোলিং স্টোনসের পুরোনো রেকর্ডটি। ২০১৯ সালের আগস্ট মাসে নিজেদের বিখ্যাত ‘নো ফিল্টার ট্যুর’ থেকে ৯৫ মিলিয়ন ডলার আয় করে রেকর্ডটি গড়েছিল ব্রিটিশ এই রক ব্যান্ড। ২০১৯ সালে বিলবোর্ড যখন প্রতি মাসের কনসার্ট আয়ের এই ট্র্যাকিং ব্যবস্থা চালু করে, তখন থেকেই রোলিং স্টোনস এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিল। ২০২৬ সালের মে মাসে এসে বিটিএস কেবল সেই দীর্ঘ রেকর্ড ভাঙেনি, বরং আয়ের ব্যবধানটাকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গেছে।

ব্যান্ডের সদস্যদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার কারণে দীর্ঘ চার বছর বিটিএসের সমস্ত দলগত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ বিরতি ভেঙে গত ২০ মার্চ নিজেদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের মাধ্যমে আবারও রাজকীয় প্রত্যাবর্তন ঘটে তাদের। এরপর গত ৯ এপ্রিল থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’। সংগীতসফরটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিটিএসের ঝুলিতে জমা হয়েছে মোট ২০৪ মিলিয়ন ডলার, আর বিশ্বজুড়ে টিকিট বিক্রি হয়েছে ১১ লাখের বেশি। চলতি বছরের বাকি সময় এবং ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বিশ্বজুড়ে আরও ৫০টিরও বেশি কনসার্ট করার চূড়ান্ত শিডিউল রয়েছে বিটিএসের। ফলে এই সফর শেষ হতে হতে বিশ্ব সংগীতের ইতিহাসে আয়ের অংকটা কোথায় গিয়ে ঠেকবে, তা এখনই বলা মুশকিল।

Tags :

Shakib

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।