টরন্টোর দর্শক মুগ্ধ রেজওয়ানা চৌধুরী বন্যা ও নয়ন–তাপসের নৃত্যনাট্যে

টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টার শনিবার সন্ধ্যায় রূপ নেয় এক স্মরণীয় সাংস্কৃতিক আসরে। ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের অনুষ্ঠানটি ছিল গান ও নৃত্যের এক অনবদ্য মেলবন্ধন। ৬৫০-এর বেশি দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অজন্তা চৌধুরী ও শাকিলা নাজের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর রেজওয়ানা চৌধুরী বন্যা অন্টারিওর ছাত্রছাত্রীদের কোরাসের সঙ্গে ‘মঙ্গল দ্বীপ জেলে’ গানটি পরিবেশন করেন। গানটির সঙ্গে নাহিদ নাসরীন নয়ন ও তার নৃত্যদল-এর নৃত্য ছিল দর্শকপ্রিয়তার মূল আকর্ষণ।

পরবর্তীতে মঞ্চে আসে নাহিদ নাসরীন নয়ন ও তাপস দেবের নৃত্যনাট্য ‘শাপ মোচন’। চমৎকার আলো, সেট এবং সঙ্গীতের সঙ্গে শক্তিশালী নৃত্য প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। তরুণ নৃত্যশিল্পীদের উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু লায়লা হাসান, এমপিপি ডলি বেগম, টরন্টোর কাউন্সিলর পার্থী ক্যান্ডেভেল এবং কনজারভেটিভ প্রার্থী ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। বিভিন্ন স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

শেষে মঞ্চে আসেন প্রধান আকর্ষণ রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনায় দর্শকরা উচ্ছ্বাসে ভেসে যান। গান, নৃত্য, আলো এবং সেট মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য শিল্প–সন্ধ্যা।