ঢালিউড অ্যাওয়ার্ড এবার ঢাকায়

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। তবে এবার এই prestigious অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী, উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকেই।

আয়োজকরা জানান, গত কয়েক বছরে এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এবার এটি অনুষ্ঠিত হবে ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ৯ জানুয়ারি ২০২৬ তারিখে।

এই আয়োজনে প্রধান ভূমিকা পালন করছেন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।

আলমগীর আলম বলেন, “মাতৃভূমিতে ২৫ তম আসর হতে যাচ্ছে, এতে আমি খুবই আনন্দিত। ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, যেখানে পুরো জাতি একসঙ্গে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, পাশাপাশি ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এই অনুষ্ঠানে একত্রিত হবে কিংবদন্তি তারকা এবং এ প্রজন্মের সৃজনশীল শিল্পীরা।

২০২৫ সালের সেরা কাজের জন্য প্রায় ৩০ জন তারকাকে পুরস্কৃত করা হবে, যার মাধ্যমে আগামী প্রজন্ম আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ হবে।