বাংলাদেশের প্রখ্যাত লোক ও আধ্যাত্মিক গানের শিল্পী, গীতিকার এবং বংশীবাদক বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন আগামীকাল, ১৫ নভেম্বর। এই বিশেষ দিনটি স্মরণে একটি মহতী আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে থাকবে স্মৃতিচারণ, আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান।
১৭ নভেম্বর, সোমবার বিকেল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজনে, যা আয়োজন করছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধন করবেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম এবং অভিনেতা ডি এ তায়েব।
এই অনুষ্ঠানে গাইবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আশ্রাফ উদাস, শফি মন্ডল, শাহনাজ বেলী, রাজীব, পলাশ, মুনির বাউলা, পারভেজ খানসহ আরও অনেকে। বারী সিদ্দিকীর গানে আজও মন্ত্রমুগ্ধ হন শ্রোতারা, এবং তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো এখনও মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে।
বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর বলেন, “বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন আত্মার গায়ক। তাঁর গান এখনও মানুষের হৃদয়ে সুর তোলে এবং আধ্যাত্মিকতার আলো ছড়ায়। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আশা করছি, এই আয়োজনটি সফলভাবে শেষ করতে পারব।”
বারী সিদ্দিকী ছিলেন নেত্রকোনা জেলার সন্তান। তাঁর গান ও বাঁশির প্রতি আত্মিক সম্পর্ক ছিল ছোটবেলা থেকেই। তার গাওয়া ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য জনপ্রিয় গান আজও মানুষের মনে গেঁথে রয়েছে। ২০১৭ সালের ২৪ নভেম্বর বারী সিদ্দিকী আমাদের ছেড়ে চলে যান, তবে তাঁর গান ও সৃষ্টির মাধুর্য আজও আমাদের মধ্যে জীবন্ত।
এই মহতী আয়োজনটি একটি বিশেষ সুযোগ, যেখানে আমরা একে অপরকে বারী সিদ্দিকীর সৃষ্টির মাধ্যমে তাঁর সঙ্গীতের অনুপ্রেরণায় একত্রিত হতে পারব।
