জায়ানের সবচেয়ে বড় একক বিশ্ব সফর

ব্রিটিশ গায়ক ও গীতিকার জেইন মালিক ২০২৬ সালের জন্য তাঁর সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী একক কনসার্ট সফরের ঘোষণা দিয়েছেন। ‘দ্য কন্নাকোল ট্যুর’ শিরোনামে এই বৈশ্বিক সফরটি জেইনের সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই প্রথমবারের মতো তিনি একক শিল্পী হিসেবে বিশ্বজুড়ে এরিনা ও স্টেডিয়ামে শিরোনাম শিল্পী হিসেবে পারফর্ম করতে যাচ্ছেন। সফরটি তাঁর আসন্ন পঞ্চম স্টুডিও অ্যালবাম কন্নাকোল-এর প্রচারণাকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে।

লাইভ নেশন প্রযোজিত এই ট্যুর শুরু হবে ২০২৬ সালের ১২ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারের এও এরিনা থেকে এবং শেষ হবে ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত কাসেয়া সেন্টারে। মোট ৩১টি শো নিয়ে সাজানো এই সফরে যুক্তরাজ্য, উত্তর আমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলো অন্তর্ভুক্ত রয়েছে। লন্ডনের দ্য ওটু, লস অ্যাঞ্জেলেসের ইনটুইট ডোম, মেক্সিকো সিটির এস্তাদিও জিএনপি সেগুরোস এবং সাও পাওলোর আলিয়াঞ্জ পার্কের মতো আইকনিক ভেন্যুতে জেইনের পরিবেশনা তাঁর আন্তর্জাতিক জনপ্রিয়তা ও দীর্ঘস্থায়ী প্রভাবেরই প্রমাণ।

এই ঘোষণার আগে জেইন সম্প্রতি তাঁর প্রথম লাস ভেগাস রেসিডেন্সি সফলভাবে সম্পন্ন করেন। সেই রেসিডেন্সির মাধ্যমে ভক্তরা নতুন অ্যালবাম কন্নাকোল থেকে কিছু অপ্রকাশিত গান শোনার সুযোগ পান এবং ঘনিষ্ঠ পরিবেশে তাঁর কণ্ঠের গভীরতা ও মঞ্চদক্ষতার নতুন দিক আবিষ্কার করেন।

কন্নাকোল অ্যালবামটি মুক্তি পাবে ১৭ এপ্রিল ২০২৬। অ্যালবামের নামটি দক্ষিণ ভারতের একটি প্রাচীন কণ্ঠনির্ভর ছন্দশৈলী ‘কন্নাকোল’ থেকে অনুপ্রাণিত, যা জেইনের সংগীতে বহুসাংস্কৃতিক প্রভাব ও শিল্পী হিসেবে তাঁর বিবর্তিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অ্যালবামের প্রথম একক গান ‘ডাই ফর মি’ প্রকাশিত হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৬, যা ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

টিকিট বিক্রি শুরু হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিশেষ ‘জেইন ভিআইপি কি’ প্রিসেলের মাধ্যমে। সাধারণ দর্শকদের জন্য টিকিট পাওয়া যাবে ১৩ ফেব্রুয়ারি থেকে। ভিআইপি প্যাকেজের মধ্যে প্রিমিয়াম আসন, এক্সক্লুসিভ লাউঞ্জে প্রবেশাধিকার এবং বিশেষ স্মারক সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে।

অ্যালবাম প্রকাশ ও এই বিশ্ব সফর মিলিয়ে ২০২৬ সাল জেইনের একক ক্যারিয়ারের জন্য এক ঐতিহাসিক অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে, যেখানে তিনি তাঁর সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চগুলোতে তুলে ধরবেন।

নির্বাচিত সফরসূচি

তারিখশহরদেশভেন্যু
১২ মে ২০২৬ম্যানচেস্টারযুক্তরাজ্যএও এরিনা
১৬ মে ২০২৬গ্লাসগোযুক্তরাজ্যওভো হাইড্রো
১৯ মে ২০২৬বার্মিংহামযুক্তরাজ্যইউটিলিটা এরিনা
২৩ মে ২০২৬লন্ডনযুক্তরাজ্যদ্য ওটু
১৪ জুন ২০২৬মন্টেরিমেক্সিকোএস্তাদিও বোরেগোস
১৭ জুন ২০২৬গুয়াদালাহারামেক্সিকোএরিনা ভিএফজি
২০ জুন ২০২৬মেক্সিকো সিটিমেক্সিকোএস্তাদিও জিএনপি সেগুরোস
১৯ নভেম্বর ২০২৬অরল্যান্ডোযুক্তরাষ্ট্রকিয়া সেন্টার
২০ নভেম্বর ২০২৬মায়ামিযুক্তরাষ্ট্রকাসেয়া সেন্টার