পপসংগীতের তারকা টেইলর সুইফট আবারও স্পটিফাইয়ে নতুন রেকর্ড গড়েছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গান ‘পেশেন্ট জিরো’ মুক্তির প্রথম দিনেই পেয়েছে ব্যাপক শ্রোতাসাড়া। স্পটিফাইয়ের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এক দিনে কোনো নারীশিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম পাওয়া গান হিসেবে নতুন মাইলফলক তৈরি করেছে এটি।
গত শুক্রবার ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ নামে অ্যালবামের বর্ধিত সংস্করণ প্রকাশ করেন সুইফট। মূল অ্যালবামের সঙ্গে এতে যুক্ত হয়েছে চারটি নতুন গান—‘পেশেন্ট জিরো’, ‘ক্লিভল্যান্ড!’, ‘পিঙ্ক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’। প্রকাশের পরপরই গানগুলো স্পটিফাইয়ের ‘টপ ৫০ গ্লোবাল’ তালিকায় বড় ধরনের সাড়া ফেলে। চারটি গানই একসময় তালিকার শীর্ষ চারটি অবস্থান দখল করে নেয়।
প্রথম দিকের স্ট্রিমিং হিসাব অনুযায়ী, ‘পেশেন্ট জিরো’ গানটি এক কোটি ৩৭ লাখের বেশি বার শোনা হয়েছে। একই সময়ে ‘ক্লিভল্যান্ড!’ পেয়েছে ৯৬ লাখের বেশি স্ট্রিম। ‘পিঙ্ক ক্লাউডিং’ ৮৭ লাখের বেশি এবং ‘ব্যাবিলন’ ৮৪ লাখের বেশি স্ট্রিম অর্জন করেছে। অর্থাৎ, শুধু এই চারটি নতুন গানই প্রকাশের প্রথম দিনে সম্মিলিতভাবে প্রায় ৪ কোটি ৪ লাখ স্ট্রিম পেয়েছে।
নতুন গানগুলোর সাফল্য সুইফটের সাম্প্রতিক জনপ্রিয়তার আরেকটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। তাঁর অ্যালবাম, গান ও মিউজিক ভিডিও ঘিরে ভক্তদের আগ্রহ দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে আলোচিত। বিশেষ করে নতুন কোনো গান প্রকাশের আগে বিভিন্ন ইঙ্গিত, প্রতীক ও দৃশ্যের মাধ্যমে সম্ভাব্য বার্তা খোঁজার প্রবণতা সুইফটের ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।
‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিও নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। রোববার রাতে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএ অনুষ্ঠানে ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এতে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ডাকোটা জনসন ও কলিন ফারেল।
এর আগে গত বৃহস্পতিবার ভিডিওটির মাত্র ১৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছিল। ছোট্ট ওই ভিডিওতেই সুইফট ও ডাকোটা জনসনকে বেশ কিছু রহস্যময় দৃশ্যে দেখা যায়। কখনও তাঁদের আয়নার সামনে দেখা গেছে, কখনও পানির মধ্যে ডুব দিতে দেখা গেছে। একটি কবরের পাশেও দেখা যায় তাঁদের। অন্যদিকে, কলিন ফারেলকে দেখা যায় আরও কিছু রহস্যঘেরা দৃশ্যে।
টিজার প্রকাশের পরপরই সুইফটের ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তাঁর গান ও ভিডিওতে প্রতীকী দৃশ্য কিংবা পরোক্ষ ইঙ্গিত ব্যবহারের বিষয়টি ‘ইস্টার এগ’ হিসেবে পরিচিত। ভক্তরা প্রায়ই এসব দৃশ্য ও শব্দের মধ্যে সম্ভাব্য অর্থ বা ভবিষ্যৎ কোনো প্রকল্পের ইঙ্গিত খোঁজেন।
এর আগেও ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ভিত্তিক একটি স্কিটে অভিনেত্রী মারিশকা হার্গিটের সঙ্গে হাজির হয়েছিলেন সুইফট। সেই আয়োজনে তাঁর ব্যবহৃত ‘স্যাকারাইড’, ‘এরিস’, ‘ফ্রম দ্য ভিনইয়ার্ড’ এবং ‘নর্থ অর সাউথ’—এই শব্দগুলোও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সুইফটের নতুন গান ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশের পর এমন ইঙ্গিত নিয়ে আলোচনা তাঁর ভক্তসংস্কৃতির একটি পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
সব মিলিয়ে নতুন চারটি গান প্রকাশের প্রথম দিনেই স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকায় সুইফটের দাপট এবং ‘পেশেন্ট জিরো’র স্ট্রিমিং রেকর্ড তাঁর নতুন অধ্যায়ের প্রতি শ্রোতাদের আগ্রহের মাত্রা স্পষ্ট করেছে।















