
সঙ্গীত সরোবর বইটি মোঃ ফজলুর রহমান এর সারা জাগানো একটি বই। ১৯৬৬ ইং সনে মাত্র ১৮ বছর বয়সে তাঁর সঙ্গীত চর্চা শুরু। জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঙ্গীতগুরু গোলাম মোস্তফার হাত ধরেই তিনি দশম শ্রেণীর ছাত্রবস্থায় প্রথম গান রচনা করেন এবং এই গানটি পরদিন পরিবেশিত হয় ও প্রশংসা কুড়ায়। ১৯৮৪ সনে পারিবারিক ভাবেই পরিনয় সূত্রে আবদ্ধ হলেও ওই বছরই মতানৈক্যের কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে।
সেই থেকে বিবাহ বিরাগী হয়ে গানকেই জীবনের সঙ্গী করে একাকী জীবন শুরু করেন। এই গীতিকার হামদ-নাত, বাউল, মুর্শিদী, ভাটিয়ালী, পল্লীগীতি, দেশাত্মবোধক, আঞ্চলিক, দেহতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, সৃষ্টিতত্ত্বসহ বিভিন্ন তত্ত্বের দেড় সহস্রাধিক গান রচনা করেছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে একজন তালিকাভুক্ত গীতিকার। ইতিপূর্বে তিনি স্বরচিত দেড়শত গান দিয়ে সুরের পাখি নামে একটি বই বের করেছেন। আমার বিশ্বাস তাঁর এই বইটি সঙ্গীত পিপাসুদের মনে আনন্দ এনে দেবে। গীতিকারের সুপ্ত প্রত্যাশা সফল হউক এই কামনা করছি।