ডিএমএসে বাপ্পা মজুমদারের নতুন গান প্রকাশ

দেশের সংগীতাঙ্গনে আবারও নতুন আবহ নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ও মিউজিক ভিডিও ‘এই ব্যথা’। কথায়, সুরে ও দৃশ্যপটে ভিন্ন ধারার এই আয়োজন ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার মাহি ফ্লোরা। সুর করেছেন এহসান রাহি, আর সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ সংগীত পরিচালক আমজাদ হোসেন। আবেগঘন গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার, যিনি আধুনিক ভিজ্যুয়াল ভাষা ও গল্প বলার ভিন্নধর্মী উপস্থাপনার জন্য পরিচিত। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওতেও তুলে ধরা হয়েছে সম্পর্কের ভেতরের না-বলা কষ্ট, নীরব ব্যথা আর অনুভূতির সূক্ষ্ম ওঠানামা।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব কার্যালয়ে গানটির প্রকাশনা উপলক্ষে একটি ঘরোয়া কিন্তু প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে বাপ্পা মজুমদারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের পরিচিত মুখ তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোরসহ আরও অনেক শিল্পী ও কলাকুশলী। উপস্থিত সবাই নতুন গান ও ভিডিওর প্রশংসা করেন এবং বাপ্পার এই নতুন কাজের সাফল্য কামনা করেন।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “অনেক দিন পর পরিকল্পিতভাবে একটি গানের কাজ করতে পারলাম। পুরো প্রক্রিয়াটাই আমার জন্য আনন্দের ছিল। এই গানের সঙ্গে যুক্ত প্রত্যেকেই ভীষণ মেধাবী। সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। বিশেষ করে ভিডিওটির কথা আলাদা করে বলতেই হয়—এ ধরনের মিউজিক ভিডিও আমাদের দেশে খুব একটা দেখা যায় না। আমি বিশ্বাস করি, এটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে এবং গানের আবেগকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে।”

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, “বাপ্পা দা’র মতো একজন শিল্পীর গান প্রকাশ করতে পারা আমাদের জন্য গর্বের। ‘এই ব্যথা’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আমি আশাবাদী। ডিএমএস সব সময় মানসম্মত ও সময়োপযোগী কাজ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডিএমএস সূত্রে জানা গেছে, ‘এই ব্যথা’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশের সব শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিং সেবাতেও শোনা যাচ্ছে। আবেগপ্রবণ কথা, মনছোঁয়া সুর ও ভিন্নধর্মী ভিডিও—সব মিলিয়ে গানটি বাপ্পা মজুমদারের সংগীতযাত্রায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠবে বলেই মনে করছেন সংগীতবোদ্ধারা।

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।