ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের ‘আনস্টপেবল ইন্ডিয়া ট্যুর’ শুরু হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। সফরের প্রথম কনসার্টেই দর্শকদের জন্য ছিল একের পর এক চমক। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সংগীতশিল্পী বাদশার আকস্মিক মঞ্চ উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। শ্রেয়ার সঙ্গে তাঁদের যৌথ পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকেরা।
গত ২২ নভেম্বর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবস্থিত এয়ারটেল অ্যারেনায় অনুষ্ঠিত হয় এই সংগীত সফরের উদ্বোধনী কনসার্ট। ভেন্যুটি আগে ডিস্ট্রিক্ট অ্যারেনা অ্যাট টেরাফর্ম নামে পরিচিত ছিল। ১৪টি শহরজুড়ে আয়োজিত এই সফর চলবে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। ভারতের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের কাছে সরাসরি সংগীত পরিবেশনার মাধ্যমে পৌঁছে যাওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রথম কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল বাদশার সঙ্গে শ্রেয়ার যৌথ পরিবেশনা। মঞ্চে বাদশাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শ্রেয়া তাঁকে এমন একজন ভাই হিসেবে উল্লেখ করেন, যাঁর সঙ্গে পরিচয় খুব বেশি দিনের না হলেও সম্পর্কটা অনেক পুরোনো বলে মনে হয়। এ সময় তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে তাঁদের প্রথম পরিচয়ের স্মৃতিও তুলে ধরেন।
শ্রেয়ার কথার জবাবে বাদশা জানান, তিনি শুধু তাঁকে মঞ্চে জায়গা দেননি, সংগীতজগতেও বিশেষ স্বীকৃতি দিয়েছেন। এরপর দুজন একসঙ্গে পরিবেশন করেন ‘মাহিয়া’ গানটি। গত ৪ নভেম্বর প্রকাশিত গানটি শ্রেয়া ও বাদশার প্রথম স্টুডিও দ্বৈত সংগীত। গানটি প্রকাশের পর এবার সরাসরি মঞ্চে তাঁদের একসঙ্গে পরিবেশনা উপভোগের সুযোগ পান দর্শকেরা।
কনসার্টে আরেকটি বড় চমক হয়ে আসে শ্রদ্ধা কাপুরের উপস্থিতি। শ্রেয়ার কণ্ঠে শ্রদ্ধার আসন্ন সিনেমা ‘ইথা’র ‘জি জি রে জি’ গানটি পরিবেশিত হওয়ার সময় মঞ্চে হাজির হন অভিনেত্রী। পরে গানের তালে নাচেও অংশ নেন তিনি। প্রিয় অভিনেত্রীকে এভাবে সরাসরি মঞ্চে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।
এরপর শ্রেয়া ও উপস্থিত দর্শকদের উৎসাহে শ্রদ্ধা পরিবেশন করেন তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আশিকি ২’-এর গান ‘সুন রাহা হ্যায় না তু’। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে আরোহী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গানটি পরিবেশনের সময় দর্শকদের একাংশ তাঁকে ‘আরোহী’ নামে ডাকতে থাকেন। সিনেমাটির সঙ্গে দর্শকদের আবেগের সম্পর্ক যে এখনো অটুট, সেই মুহূর্তে তা স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে বাদশার জন্মদিন উপলক্ষেও ছিল বিশেষ আয়োজন। জন্মদিনের পরপরই তাঁকে শুভেচ্ছা জানাতে দর্শকদের সঙ্গে নিয়ে গান করেন শ্রেয়া। এতে কনসার্টের আনন্দ আরও বেড়ে যায়।
বেঙ্গালুরুতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে শ্রেয়ার পরবর্তী গন্তব্য আসাম। আগামী ১৯ ডিসেম্বর গুয়াহাটির বারসাপারায় অবস্থিত এসিএ স্টেডিয়ামে তাঁর পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৬ ডিসেম্বর কলকাতার অ্যাকুয়াটিকা গ্রাউন্ডে সংগীত পরিবেশন করবেন তিনি। সফরের শেষ কনসার্ট হওয়ার কথা ২০২৭ সালের ৩ এপ্রিল ইন্দোরে।
১৪টি শহর নিয়ে সাজানো এই সফর শ্রেয়ার সংগীতজীবনের একটি উল্লেখযোগ্য আয়োজন। দীর্ঘদিন ধরে বলিউডসহ ভারতীয় সংগীতাঙ্গনে জনপ্রিয়তা ধরে রাখা এই শিল্পী এবার সরাসরি মঞ্চে তাঁর পরিচিত গানগুলো শ্রোতাদের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে বিভিন্ন শিল্পী ও বিনোদনজগতের পরিচিত মুখদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করার মধ্য দিয়ে প্রতিটি কনসার্টে নতুন মাত্রা যোগ হচ্ছে। বেঙ্গালুরুর প্রথম আয়োজনের সাফল্যের পর বাকি শহরগুলোতেও শ্রেয়ার পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।













![তত্ত্ব ভুলিতে পারি না তারে ভোলা যায় না [ Vulite Pari Na Tare vola Jay Na ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/vulite-pari-na-tare-vola-jay-na-1024x576.webp)

