দেশের শীর্ষস্থানীয় রক-মেটাল ব্যান্ড ওয়ারফেজ চলতি বছরের তাদের চার দশকের সংগীত যাত্রাকে উদযাপন করার জন্য আয়োজন করা ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা সহ একাধিক দেশে সফল কনসার্ট আয়োজনের পর বাংলাদেশের ভক্তদের জন্য পরিকল্পিত এই ট্যুর হঠাৎ স্থগিত হওয়ায় সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।
ব্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয় ভক্তরা, আমাদের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে, অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের শুরুতে এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে কানাডায় সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরের অক্টোবরের শেষ থেকে বাংলাদেশে নেশনওয়াইড এই ট্যুর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। আমরা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছিলাম এবং জানুয়ারি মাসে একটি গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল। অনেক শিল্পী আগ্রহ প্রকাশ করেছিলেন এবং স্পন্সররাও যথেষ্ট উৎসাহী ছিলেন। কিন্তু দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না এবং বহু কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত বা বাতিল হচ্ছে। এতে শিল্পী এবং আয়োজকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় আমরা এই মুহূর্তে কনসার্ট আয়োজন করা সম্ভব বা যুক্তিযুক্ত মনে করছি না।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, “আমরা আশা করি আগামী বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর এবং গালা কনসার্ট আয়োজন করতে না পারায় আমরা আমাদের প্রিয় ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
ওয়ারফেজ দেশীয় সংগীত জগতে চার দশকের পথচলা সম্পন্ন করেছে। গত বছরের ৬ জুন তাদের চার দশকের সংগীত যাত্রার মাইলফলক স্পর্শ করে এই ব্যান্ড। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট, অ্যালবাম প্রকাশ এবং স্যুভেনির আয়োজনের মাধ্যমে তারা তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বিশেষভাবে এই লিগ্যাসি কনসার্ট ট্যুরের মাধ্যমে তাদের চার দশকের সংগীত ভুবনকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটি স্থগিত হওয়ায় ব্যান্ডের ভক্তরা আপাতত অপেক্ষায় রয়েছেন নতুন ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য।
