সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্যায়া জামানা থা’। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সুভাষ ঘাই নিজেই অলকা ইয়াগনিকের বাড়িতে গিয়েছিলেন। তাঁর আমন্ত্রণ হাসিমুখে গ্রহণ করেছেন গায়িকা।
সুভাষ ঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, আমন্ত্রণ জানানো হলে অলকা অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানান। দীর্ঘদিন পর তাঁকে কোনো সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে—এমন খবরে ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন, নাকি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
নব্বইয়ের দশক থেকে বলিউডের সংগীতজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন অলকা ইয়াগনিক। তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান পেয়েছে শ্রোতারা। রোমান্টিক গান, আবেগঘন সুর কিংবা প্রাণবন্ত সংগীত—বিভিন্ন ধারায় তাঁর সাবলীল পরিবেশনা তাঁকে কয়েক প্রজন্মের শ্রোতার কাছে পরিচিত করে তুলেছে। দীর্ঘ সংগীতজীবনে তিনি বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এবং ভারতীয় প্লেব্যাক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন।
তবে ২০২৪ সালে তাঁর জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। ভাইরাল সংক্রমণের পর বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হারানোর কথা জানান তিনি। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাকে ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ বলা হয়। এতে অন্তঃকর্ণ কিংবা শ্রবণসংক্রান্ত স্নায়ুর ক্ষতির কারণে শব্দ শোনার ক্ষমতা ব্যাহত হয়। অসুস্থতার বিষয়টি অলকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। একই সঙ্গে তিনি শ্রোতা ও অনুরাগীদের সতর্ক করে দেন, হঠাৎ উচ্চ শব্দের সংস্পর্শে আসার ক্ষেত্রে যেন সবাই সচেতন থাকেন।
স্বাস্থ্যগত সমস্যার কারণে গত দুই বছর ধরে জনজীবন ও প্রচারের আলো থেকে অনেকটাই দূরে ছিলেন এই গায়িকা। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণের পরও নিজের অসুস্থতার কথা তুলে ধরেন তিনি। সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় অলকা জানান, স্বাস্থ্যগত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ সময়ে ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে।
অলকা ইয়াগনিকের সংগীতজীবনে মঞ্চের উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সরাসরি পরিবেশনাতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। তাই দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের সম্মতি বিশেষ তাৎপর্য বহন করছে।
১১ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে এখন ভক্তদের প্রত্যাশা, আবারও প্রিয় শিল্পীকে মঞ্চে দেখা যাবে। শারীরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি কীভাবে অনুষ্ঠানে অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে আমন্ত্রণ গ্রহণের খবরই তাঁর অনুরাগীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অলকার সংগীতজগতে ফিরে আসার এই সম্ভাবনা নিঃসন্দেহে তাঁর ভক্তদের জন্য আনন্দের খবর।













![তত্ত্ব ও পলাশ ও শিমুল ও পলাশ ও শিমুল [ O Polash O Shimul ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/ও-পলাশ-ও-শিমুল-1024x576.webp)

