যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসা শহরে কান্ট্রি মিউজিক তারকা এলা ল্যাংলির বহুল প্রতীক্ষিত একটি কনসার্ট শুরুর ঠিক আগমুহূর্তে বাতিল করা হয়েছে। গায়িকার দল ও কনসার্ট ভেন্যু কর্তৃপক্ষের মতে, একটি গুরুতর নিরাপত্তা হুমকির মুখে বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য স্থানীয় পুলিশ সার্বিক তল্লাশি চালানোর পর জানিয়েছে, সেখানে আশঙ্কাজনক বা বিশ্বাসযোগ্য কোনো হুমকির প্রমাণ মেলেনি এবং এলাকাটি সম্পূর্ণ নিরাপদ ছিল।
বিলবোর্ড রেকর্ডধারী গান “চুজিন টেক্সাস”-এর ২৭ বছর বয়সী সংগীতশিল্পী এলা ল্যাংলির শুক্রবার রাতে তুলসার জনপ্রিয় ১৯ হাজার আসনবিশিষ্ট ব্যাংক অব ওকলাহোমা সেন্টারে (বিওকে সেন্টার) পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার আনুমানিক দুই ঘণ্টা আগে এলা ল্যাংলি ও বিওকে সেন্টার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কনসার্ট বাতিলের ঘোষণা দিয়ে ভক্তদের চরম হতাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এলা ল্যাংলি বলেন, “আমার ভক্ত, ভেন্যুর কর্মকর্তা-কর্মচারী এবং আমার নিজস্ব নিরাপত্তা দলের সুরক্ষার কথা ভেবে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয় প্রশাসন, ভেন্যু কর্তৃপক্ষ এবং আমার সিকিউরিটি টিমের পরামর্শক্রমেই আজ রাতের শোট বাতিল করা হলো।” ভক্তদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, একটি কনসার্টে যোগ দিতে ভক্তদের সময়, যাতায়াত ও অর্থের বড় বিনিয়োগ থাকে। কিন্তু সুরক্ষার বিষয়টি তার কাছে সবকিছুর চেয়ে আগে এবং কাউকে ঝুঁকির মধ্যে ফেলা সম্ভব নয়।
বিওকে সেন্টার কর্তৃপক্ষও এক পৃথক বিবৃতিতে জানায়, সতর্কতামূলক বিবেচনার পর তারা অনুষ্ঠানটি পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার বিশদ ব্যাখ্যা দিয়ে তুলসা পুলিশ বিভাগের ক্যাপ্টেন রিচার্ড মিউলেনবার্গ ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, পুলিশ বিভাগ থেকে কনসার্ট বাতিলের কোনো পরামর্শ দেওয়া হয়নি। তিনি জানান, প্রথমে সোয়াড টিম ও বোমা শনাক্তকারী কুকুর দিয়ে সাধারণ নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার পর অনুষ্ঠানটি যথারীতি শুরুর অনুমতি দেওয়া হয়েছিল। তবে এর পরপরই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে দাবি করে যে, কনসার্টে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের মতো বড় ধরনের সহিংস ঘটনা ঘটানো হবে।
ফোনকলের পর পুলিশ সদস্যরা অবিলম্বে দ্বিতীয়বারের মতো পুরো প্রাঙ্গণে সতর্কতামূলক ও চিরুনি তল্লাশি চালান। ক্যাপ্টেন মিউলেনবার্গ স্পষ্ট করেন যে, পুনরায় তল্লাশির পরও কোনো বাস্তব বা বিশ্বাসযোগ্য হুমকির উপস্থিতি পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি পারফর্মিং গ্রুপকে নিশ্চিত করে জানিয়েছিল যে পরিবেশ নিরাপদ রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিক অঙ্গনে এলা ল্যাংলি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এক নাম। সম্প্রতি তার একক গান “চুজিন টেক্সাস” বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থানে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে এক অনন্য ইতিহাস গড়েছে। পপ তারকা মারায়া ক্যারির দীর্ঘদিনের ২২ সপ্তাহের শীর্ষস্থানে থাকার রেকর্ড ভেঙে দিয়ে সংগীতাঙ্গনে বড় চমক সৃষ্টি করেছিলেন তরুণ এই গায়িকা। তবে এমন সাফল্য ও জনপ্রিয়তার মাঝেই নিরাপত্তাজনিত কারণে শো বাতিল হওয়ার ঘটনাটি ভক্তদের মনে সাময়িক কষ্টের কারণ হলেও সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেয় আয়োজক দল।














