কপালে বড় টিপ, খোঁপায় ফুল, হাতে চুড়ি আর পরনে রঙিন শাড়ি। মঞ্চে উঠেই যখন তিনি গান ধরেন, তখন দর্শকদের বয়সের হিসাব যেন আর থাকে না। কেউ উঠে দাঁড়ান, কেউ নাচতে শুরু করেন, আবার কেউ গানের তালে হাততালি দিয়ে মাতিয়ে তোলেন পুরো পরিবেশ। তাঁর কণ্ঠস্বরও অন্যদের মতো নয়। ভারী, গভীর, খানিকটা কর্কশ; কিন্তু সেই স্বতন্ত্র কণ্ঠেই রয়েছে এক অদ্ভুত আকর্ষণ। ‘হরি ওম হরি’, ‘রাম্বা হো’ কিংবা ‘কোই ইয়াহাঁ নাচে নাচে’—যে গানই হোক, তাঁর পরিবেশনায় আলাদা মাত্রা পায়। তিনি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উষা উত্থুপ।
সংগীতজগতে পাঁচ দশকের বেশি সময় ধরে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন এই শিল্পী। তাঁর জনপ্রিয়তা শুধু গানের কারণে নয়, বরং কণ্ঠ, পোশাক, মঞ্চে উপস্থিতি এবং পরিবেশনার নিজস্ব ধরন তাঁকে দিয়েছে আলাদা পরিচিতি। অথচ এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। শৈশবে সংগীতের ক্লাস থেকে বাদ পড়া, কণ্ঠস্বর নিয়ে সমালোচনা, নাইট ক্লাবে দর্শকের তাচ্ছিল্য, এমনকি রাজনৈতিক বাধার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁকে থামাতে পারেনি।
যে কণ্ঠ একসময় অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না, সেই কণ্ঠই পরবর্তী সময়ে হয়ে উঠেছে তাঁর সবচেয়ে বড় শক্তি।
শৈশবেই সংগীতের প্রতি গভীর ভালোবাসা
উষা উত্থুপের জন্ম ১৯৪৭ সালের ৮ নভেম্বর মুম্বাইয়ে এক দক্ষিণ ভারতীয় পরিবারে। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই তাঁর ছিল প্রবল আগ্রহ। বাড়ির সাংস্কৃতিক পরিবেশ এবং রেডিওতে বিভিন্ন ধরনের গান শোনার অভ্যাস তাঁর সংগীতচর্চার ভিত্তি তৈরি করে। বিশেষ করে পাশ্চাত্য সংগীত, জ্যাজ ও পপসংগীতের প্রতি তাঁর আকর্ষণ ছিল উল্লেখযোগ্য।
তবে স্কুলজীবনে সংগীতচর্চার ক্ষেত্রে তাঁকে হতাশার মুখোমুখি হতে হয়। স্কুলের সংগীত শিক্ষক মনে করতেন, তাঁর কণ্ঠস্বর প্রচলিত গানের দলের সঙ্গে মানানসই নয়। এ কারণে একসময় তাঁকে কোরাসের ক্লাস থেকেও সরিয়ে দেওয়া হয়। গান গাওয়ার পরিবর্তে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিভুজাকৃতির বাদ্যযন্ত্র এবং ক্ল্যাপার।
কিন্তু শিক্ষক কিংবা সহপাঠীদের মূল্যায়ন তাঁর সংগীতের প্রতি ভালোবাসা কমাতে পারেনি। রেডিও শুনে শুনে নানা ধরনের গান আয়ত্ত করতেন তিনি। নিজের মতো করে কণ্ঠের ব্যবহার ও গানের ধরন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান।
পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে উষা জানিয়েছিলেন, যে সংগীত শিক্ষক একসময় তাঁকে গান গাওয়ার উপযুক্ত মনে করেননি, তিনিই পরে তাঁর পরিবেশনা দেখতে দর্শকাসনে বসেছিলেন। সেই মুহূর্তটি ছিল তাঁর জন্য আবেগঘন। একসময় যাঁর কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই শিক্ষকের স্বীকৃতি তাঁর জীবনের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি।
নাইট ক্লাবের মঞ্চে শুরু পেশাদার জীবন
১৯৬৯ সালে চেন্নাইয়ের ‘নাইন জেমস’ নামের একটি নাইট ক্লাবে গান গাওয়ার মধ্য দিয়ে উষা উত্থুপের পেশাদার সংগীতজীবনের সূচনা হয়। প্রথম পরিবেশনাতেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান তিনি। তাঁর গান শুনে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে আরও এক সপ্তাহ পরিবেশনার সুযোগ দেয়।
এরপর সাভেরা হোটেল, মুম্বাইয়ের রিটজ হোটেল হয়ে তাঁর সংগীতযাত্রা পৌঁছে যায় কলকাতায়। শহরটির পার্ক স্ট্রিটের বিখ্যাত ট্রিঙ্কাসে গান গাওয়া তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
সেই সময় কলকাতার নাইট ক্লাবগুলোতে পাশ্চাত্য সংগীতের চর্চা ছিল বেশ জনপ্রিয়। সাধারণত পাশ্চাত্য পোশাকে অ্যাংলো-ইন্ডিয়ান শিল্পীদের পরিবেশনা দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকেরা। এমন পরিবেশে দক্ষিণ ভারতীয় পরিবারের মেয়ে উষা হাজির হলেন শাড়ি পরে। তাঁর কণ্ঠও ছিল প্রচলিত নারী কণ্ঠশিল্পীদের তুলনায় আলাদা।
ফলে শুরুতে অনেকেই তাঁকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। উষা নিজেই এক অনুষ্ঠানে স্মৃতিচারণা করে জানিয়েছেন, পার্ক স্ট্রিটে তাঁকে দেখে সামনের সারির কয়েকজন দর্শক বলেছিলেন, ‘এই আম্মা কী গাইবে!’
কথাগুলো নিঃসন্দেহে একজন নতুন শিল্পীর জন্য অপমানজনক ছিল। কিন্তু উষা সেদিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ করে গেছেন। মাইক্রোফোন হাতে গান শুরু করার পরই পাল্টে যেতে থাকে পরিস্থিতি। তাঁর কণ্ঠের গভীরতা, গানের বৈচিত্র্য এবং প্রাণবন্ত পরিবেশনা ধীরে ধীরে দর্শকদের আকৃষ্ট করে।
একসময় সেই নাইট ক্লাবের অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত হন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উষা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে মাসে দেড় হাজার রুপি পারিশ্রমিক পেতেন। সে সময় নাইট ক্লাবের একজন গায়িকা হিসেবে এটি ছিল উল্লেখযোগ্য আয়।
কলকাতার সঙ্গে তাঁর সম্পর্কও ক্রমে গভীর হয়ে ওঠে। এই শহর তাঁকে শুধু পরিচিতি দেয়নি, দিয়েছে সংগীতের নতুন পরিসর এবং অসংখ্য শ্রোতা। পরবর্তী সময়ে কলকাতাকে নিজের প্রিয় শহর ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
‘দম মারো দম’ হাতছাড়া, তবু থামেননি উষা
নাইট ক্লাবে নিয়মিত গান গাওয়ার সুবাদে চলচ্চিত্রের সংগীতজগতের মানুষের নজরে আসেন উষা। ১৯৭০ সালে জেমস আইভরি ও ইসমাইল মার্চেন্টের ‘বম্বে টকিজ’ চলচ্চিত্রে শঙ্কর-জয়কিষণের সুরে ইংরেজি গান গাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রের সংগীতে তাঁর অভিষেক ঘটে।
পরের বছর, ১৯৭১ সালে দেব আনন্দ অভিনীত ‘হরে রামা হরে কৃষ্ণ’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পান তিনি। তবে বলিউডে তাঁর প্রবেশের পেছনে রয়েছে একটি অপূর্ণতার গল্পও।
‘দম মারো দম’ গানটি প্রথমে তাঁকে গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ভারতীয় চলচ্চিত্রের সংগীত ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।
এমন একটি জনপ্রিয় গান গাওয়ার সুযোগ হাতছাড়া হওয়া যে কোনো শিল্পীর জন্যই হতাশার হতে পারত। কিন্তু উষা সেটিকে নিজের পথের বাধা হতে দেননি। বরং অন্য ধরনের গান ও পরিবেশনার মধ্য দিয়ে নিজের পরিচিতি প্রতিষ্ঠায় মনোযোগ দেন।
পরবর্তী সময়ে ‘হরি ওম হরি’, ‘শান সে’, ‘ওয়ান টু চা চা চা’, ‘রাম্বা হো’ এবং ‘কোই ইয়াহাঁ নাচে নাচে’র মতো গান তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে আশির দশকে ডিস্কো ও পপসংগীতের বিস্তারের সময় তাঁর কণ্ঠ হয়ে ওঠে শ্রোতাদের কাছে বিশেষ আকর্ষণ।
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর সুরেও একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এসব গানে তাঁর কণ্ঠের শক্তি, ছন্দের প্রতি দখল এবং পরিবেশনার স্বাভাবিক উচ্ছ্বাস বিশেষভাবে ফুটে উঠেছে।
উষার বিশেষত্ব ছিল, তিনি শুধু গানের সুর ও কথা পরিবেশন করতেন না; বরং গানকে মঞ্চের একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতায় রূপ দিতেন। এ কারণে প্রচলিত প্লেব্যাক গায়িকাদের সঙ্গে তাঁকে এক কাতারে বিচার করা কঠিন। তাঁর সংগীতের বড় অংশজুড়েই রয়েছে মঞ্চনির্ভর পরিবেশনা এবং দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ।
যে কণ্ঠ নিয়ে সমালোচনা, সেটিই হয়ে উঠল পরিচয়
উষা উত্থুপের সংগীতজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর। প্রচলিত ধারণায় নারী কণ্ঠশিল্পীদের কণ্ঠ কোমল, মিষ্টি ও মসৃণ হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হতো। উষার কণ্ঠ সেই প্রচলিত ছকের বাইরে। তাঁর কণ্ঠ ভারী, গভীর এবং খানিকটা কর্কশ। ফলে ক্যারিয়ারের শুরুতে অনেকেই বুঝতে পারতেন না, তাঁকে কোন ধরনের গানে ব্যবহার করা যেতে পারে।
২০২৪ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শুরুর দিকে সংগীতজগতের অনেকেই তাঁর কণ্ঠের উপযোগিতা বুঝতে পারতেন না। বিষয়টি তাঁর জন্য সহজ ছিল না। কিন্তু নিজের কণ্ঠ পরিবর্তনের চেষ্টা না করে তিনি সেটিকে আরও ভালোভাবে কাজে লাগানোর পথ খুঁজেছেন।
তাঁর উপলব্ধি ছিল, প্রত্যেক শিল্পীর নিজস্ব বৈশিষ্ট্য থাকা জরুরি। অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের স্বাতন্ত্র্যকে গ্রহণ করাই একজন শিল্পীর বড় শক্তি হতে পারে।
এই দর্শনই উষার সংগীতজীবনকে আলাদা করেছে। তিনি নিজেকে প্রচলিত অর্থে ভালো কিংবা খারাপ গায়িকার মাপকাঠিতে বিচার করতে চান না। বরং নিজের ধারায় শতভাগ স্বতন্ত্র একজন শিল্পী হিসেবেই পরিচিত থাকতে পছন্দ করেন।
শাড়ি, বড় টিপ ও ফুলের মালায় নিজস্ব পরিচয়
উষা উত্থুপের জনপ্রিয়তার সঙ্গে তাঁর সাজসজ্জার সম্পর্কও গভীর। কাঞ্জিভরম শাড়ি, কপালে বড় টিপ, খোঁপায় ফুলের মালা এবং হাতে চুড়ি—এসব তাঁর মঞ্চ উপস্থিতির অবিচ্ছেদ্য অংশ।
তবে এই সাজসজ্জা শুরু থেকেই কোনো পরিকল্পিত ফ্যাশন কৌশল ছিল না। দক্ষিণ ভারতীয় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার কারণে শাড়ি ছিল তাঁর স্বাভাবিক পোশাক। সংগীতজগতে প্রবেশের পরও তিনি নিজের সেই পরিচয় ধরে রেখেছেন।
যে সময়ে নাইট ক্লাবের মঞ্চে পাশ্চাত্য পোশাক ছিল প্রচলিত, সে সময়ে শাড়ি পরে ইংরেজি ও পাশ্চাত্য ধারার গান পরিবেশন করতেন তিনি। এই বৈপরীত্যই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
ধীরে ধীরে তাঁর পোশাক ও সাজসজ্জা নিজস্ব ব্র্যান্ড পরিচয়ের অংশ হয়ে ওঠে। দর্শকেরা শুধু কণ্ঠ শুনেই নয়, মঞ্চে তাঁর উপস্থিতি দেখেও তাঁকে চিনতে পারেন। সংগীতের আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের এমন মেলবন্ধন তাঁর ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করেছে।
রাজনৈতিক বাধার মুখেও সংগীত ছাড়েননি
উষা উত্থুপের জীবনে রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার ঘটনাও রয়েছে। কলকাতায় যখন তাঁর জনপ্রিয়তা বাড়ছিল, তখন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজনীতিক যতীন চক্রবর্তীর উদ্যোগে তাঁকে গান গাওয়া থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই শিল্পী।
২০২২ সালে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে উষা ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তিনি কখনো অশালীন কিছু করেননি। তাহলে কেন তাঁকে গান গাওয়া থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল, তা তাঁর কাছেও স্পষ্ট ছিল না।
এই ঘটনা তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল। কারণ, নাইট ক্লাবে গান গাইলেও নিজের ব্যক্তিগত জীবন কিংবা মঞ্চের উপস্থাপনায় তিনি বরাবরই নিজস্ব মূল্যবোধ ও পরিচয় বজায় রেখেছেন।
উষার ভাষ্য অনুযায়ী, ওই সময় আনন্দবাজার পত্রিকা তাঁর পাশে না দাঁড়ালে তাঁর পেশাজীবন হয়তো বড় ধরনের সংকটে পড়ত। সংবাদমাধ্যমটির সমর্থনকে তিনি কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে স্মরণ করেন।
এই অভিজ্ঞতা নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি। বিতর্ক কিংবা অতীতের তিক্ততা নয়, সংগীতের মধ্য দিয়েই মানুষের কাছে পরিচিত থাকতে চান।
বাংলা গান ও কলকাতার প্রতি বিশেষ ভালোবাসা
উষা উত্থুপের সংগীতজীবনে বাংলা গানের অবদানও উল্লেখযোগ্য। দীর্ঘদিন কলকাতায় কাজ ও বসবাসের সুবাদে বাংলা ভাষা, সংস্কৃতি এবং এখানকার সংগীতের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। বাংলা গান গেয়ে তিনি শুধু স্থানীয় শ্রোতাদের কাছে পরিচিতি পাননি, বরং নিজের জন্য আলাদা একটি শ্রোতাগোষ্ঠীও তৈরি করেছেন।
১৯৭৮ সালে তিনি রেকর্ড করেন ‘আহা তুমি সুন্দরী কত কলকাতা’ গানটি। কলকাতার প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে ওঠে গানটি। এর তিন বছর পর, ১৯৮১ সালে একই নামের বাংলা অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামে ‘আই লাভ ইউ’, ‘এ চাঁদিনী রাতে’ এবং ‘মনে আছে ঠিক তো’সহ বেশ কয়েকটি গান স্থান পায়।
বাংলা গানের প্রতি তাঁর আগ্রহ শুধু পুরোনো গানেই সীমাবদ্ধ থাকেনি। নতুন প্রজন্মের গানও তাঁকে আকৃষ্ট করেছে। ২০১৬ সালে দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত একটি অ্যালবামের জন্য ভূমি ব্যান্ডের জনপ্রিয় গান ‘বারান্দায় রোদ্দুর’-এর ইংরেজি সংস্করণ তৈরি করেন তিনি। গানটির ইংরেজি কথা লেখার পাশাপাশি কণ্ঠও দেন উষা। একই অ্যালবামে ভূমির আরেকটি জনপ্রিয় গান ‘কাঁদে শুধু মন’-এর ইংরেজি সংস্করণেও কাজ করেন তিনি।
বাংলা গানের প্রতি তাঁর এই আগ্রহের আরেকটি দৃষ্টান্ত ২০২২ সালে প্রকাশিত ‘মন মানছে না আর’। দীর্ঘ ৪৪ বছর পর ইনরেকো ও হিন্দুস্তান রেকর্ডের সঙ্গে যুক্ত হয়ে নতুন বাংলা গানটি প্রকাশ করেন তিনি। রাজীব দত্তের লেখা গানটির সুর করেছিলেন সুবজিত রায়।
গানটি প্রকাশের সময় উষা জানিয়েছিলেন, পুরোনো সংগীতপ্রতিষ্ঠানের সঙ্গে আবার কাজ করতে পারা তাঁর কাছে ঘরে ফেরার মতো অনুভূতি।
পাঁচ দশকের বেশি সময়েও মঞ্চে সমান প্রাণবন্ত
উষা উত্থুপের সংগীতজীবন কেবল জনপ্রিয় কিছু গানের তালিকায় সীমাবদ্ধ নয়। তাঁর পথচলা ভারতীয় সংগীতের পরিবর্তনশীল ধারার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। নাইট ক্লাবের মঞ্চ থেকে চলচ্চিত্র, পপসংগীত থেকে বাংলা গান—বিভিন্ন পরিসরে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। তবে কখনো নিজের স্বতন্ত্র পরিচয় বিসর্জন দেননি।
তাঁর জীবনের গল্পে প্রত্যাখ্যান যেমন আছে, তেমনি আছে ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা। সংগীত শিক্ষক তাঁকে কোরাসে জায়গা দেননি, নাইট ক্লাবের দর্শক তাঁকে দেখে তাচ্ছিল্য করেছেন, সংগীতজগতের অনেকে তাঁর কণ্ঠের উপযোগিতা বুঝতে পারেননি। এমনকি রাজনৈতিক বাধার মুখেও পড়তে হয়েছে। কিন্তু প্রতিটি অভিজ্ঞতাকে অতিক্রম করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
আজ উষা উত্থুপের কণ্ঠ শুনলে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাঁর কণ্ঠের স্বাতন্ত্র্য, রঙিন শাড়ি, বড় টিপ আর মঞ্চজুড়ে প্রাণবন্ত উপস্থিতি তাঁকে ভারতীয় সংগীতের এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
তাঁর সাফল্যের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই—জনপ্রিয় হওয়ার জন্য অন্যের মতো হতে হয় না। নিজের স্বকীয়তাকে বিশ্বাস করে এগিয়ে যেতে পারলে একসময় সেই বৈশিষ্ট্যই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় পরিচয়।













![তত্ত্ব কবিগানের সঙ্গীত শৈলী [Kavigan, Kobi Gaan, Kobi Lorai or Kabigan, Music Genre ] সূচি](https://bn.musicgoln.com/wp-content/uploads/2021/09/কবিগানের-সঙ্গীত-শৈলী-1024x536.jpg)

