বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত দুই নাম সুরকার রাজেশ ঘোষ ও গীতিকার অনুরূপ আইচ। দীর্ঘ ২৫ বছরের ব্যক্তিগত সম্পর্ক থাকলেও পেশাগতভাবে একসঙ্গে কোনো গান তৈরির সুযোগ হয়নি তাদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে কণ্ঠশিল্পী খালেদ মুন্নার উদ্যোগে। প্রথমবারের মতো একই গানে যুক্ত হয়েছেন রাজেশ ঘোষ ও অনুরূপ আইচ।
‘কেন হইলি না আমার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন খালেদ মুন্না। গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর দিয়েছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। আবেগঘন ও সেড মেলোডি ঘরানার এই গানটি থাকছে খালেদ মুন্নার নতুন একক অ্যালবামে।
দীর্ঘ এক যুগ পর প্রকাশিত হতে যাচ্ছে খালেদ মুন্নার নতুন একক অ্যালবাম। দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ করা হবে অ্যালবামটি। এতে মোট ১০টি গান থাকছে বলে জানিয়েছেন শিল্পী। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অনুরূপ আইচ বলেন, রাজেশ ঘোষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একে অপরের কাজের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালো লাগা থাকলেও এতদিন কোনো শিল্পী বা প্রযোজনা প্রতিষ্ঠান উদ্যোগ না নেওয়ায় একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। খালেদ মুন্নার আগ্রহ ও উদ্যোগের কারণেই এবার সেই সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
রাজেশ ঘোষও জানিয়েছেন, সংগীতাঙ্গনে তিনি ও অনুরূপ আইচ দীর্ঘদিন ধরে নিজ নিজ জায়গা থেকে কাজ করে আসছেন। অনুরূপের লেখা তার ভালো লাগে এবং তার সুরও অনুরূপ পছন্দ করেন। তবে নানা কারণে এতদিন একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি। মুন্নার উদ্যোগে সেই অসম্পূর্ণতা পূরণ হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
খালেদ মুন্না জানান, নতুন অ্যালবামটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এক যুগ পর একক অ্যালবাম প্রকাশের সুযোগ পাওয়ায় তিনি ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, অ্যালবামের জন্য দেশের কয়েকজন গুণী গীতিকার ও সুরকার গান তৈরি করে দিয়েছেন। তাদের সবার সহযোগিতা তার জন্য বিশেষ অনুপ্রেরণার।
বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন রাজেশ ঘোষ, অনুরূপ আইচ ও খালেদ মুন্না। নিজেদের স্বতন্ত্র কাজের মাধ্যমে তারা শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন। এবার তাদের সম্মিলিত প্রয়াস নতুন গানপ্রেমীদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।















