হঠাৎ স্ট্রোক! ব্রায়ান মে যা জানালেন, রক ভক্তরা হতবাক

কুইন ব্যান্ডের কিংবদন্তি গিটারিস্ট ব্রায়ান মে জানালেন, গত বছরের একটি মৃদু স্ট্রোক তাঁর জীবনে বড় ধরনের “জাগরণ” এনে দিয়েছিল। ৭৭ বছর বয়সী এই সঙ্গীত তারকা হঠাৎ করেই হাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, আর সেই মুহূর্তটি ছিল তাঁর জীবনের অন্যতম ভয়ানক অভিজ্ঞতা।

অ্যালান টিচমার্শের ‘লাভ ইউর উইকএন্ড’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মে বলেন, গত কয়েক বছরে তিনি একাধিক স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হয়েছেন। এ প্রসঙ্গে টিচমার্শ বলেন, “গত বছর আপনার স্ট্রোক হয়েছিল। কিন্তু আপনাকে দেখে তো একদম সুস্থই মনে হচ্ছে।”
মে জবাব দেন, “হ্যাঁ, বেশ কয়েকটা সমস্যা হয়েছিল। স্ট্রোকও তার একটি। আলান, আমি ভাগ্যবান— জটিলতা আসে, আবার সেরে ওঠার পথও খুঁজে পাই। এগুলো সত্যিই এক ধরনের সতর্কবার্তা।”

গত সেপ্টেম্বরেই তিনি স্ট্রোকের বিষয়টি ভক্তদের জানান। তাঁর ভাষায়, “হঠাৎ করেই, কোনো প্রকার সংকেত ছাড়াই এসে আঘাত করে। বাম হাতটা নিয়ন্ত্রণ করতে পারছিলাম না— বেশ ভয় লাগছিল।” দ্রুত হাসপাতালে নেওয়া এবং দারুণ চিকিৎসাসেবার কারণেই তিনি সুস্থ হয়ে ওঠেন।

তিনি আরও জানান, স্ট্রোকের খবর তিনি প্রথমে প্রকাশ করতে চাননি। “মানুষের সহানুভূতির বার্তা আমি চাই না। এগুলো ইনবক্স ভরিয়ে ফেলে। তাই বিষয়টি চুপচাপই রাখতে চেয়েছিলাম,” বলেন মে। “সবচেয়ে ভালো খবর হলো, আমি এখন সম্পূর্ণ ঠিক আছি।”

২০২০ সালেও তিনি গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্য দিয়ে গিয়েছিলেন। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকেরা তাঁর তিনটি ধমনীতে মারাত্মক জটিলতা খুঁজে পান। পরে তিনি জানান, “আমি সত্যিই মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলাম।”

সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়েই তিনি লন্ডনে গায়ক বেনসন বুন–এর সঙ্গে মঞ্চে উঠেন। দু’জনে মিলে পরিবেশন করেন কিংবদন্তি গান “বোহেমিয়ান র‍্যাপসোডি” এবং এরপর বুনের হিট “বিউটিফুল থিংস”। লন্ডনের দর্শকদের দারুণ উচ্ছ্বাস দেখে বুন বলেন, “ব্রায়ান মেকে দেখে ভিড়ের এমন প্রতিক্রিয়াই হওয়া উচিত!”— যা এ বছরের কোচেল্লার হতাশাজনক প্রতিক্রিয়ার প্রতি তাঁর মৃদু খোঁচা।

কোচেল্লার দ্বিতীয় সপ্তাহে বুন মঞ্চে ব্রায়ান মের জায়গায় তাঁর কার্ডবোর্ড কাটআউটও ব্যবহার করেন— মজার ছলে দর্শকদের উদ্দেশে।

এদিকে, কুইন এখনও ব্রিটিশ সঙ্গীত জগতে অধরার নেই— গত অক্টোবরে তাদের ঘোষণা করা হয় ২১শ শতকের যুক্তরাজ্যের সর্বাধিক বাজানো রক ব্যান্ড। মেও জানান, অ্যাডাম ল্যামবার্টকে নিয়ে কিছু নতুন সঙ্গীত রেকর্ড করার চেষ্টা হয়েছে, যদিও তা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। লাস ভেগাসের আধুনিক ভেন্যু ‘দ্য স্ফিয়ার’-এ কুইনের শো আয়োজনের ভাবনাও তাঁর মাথায় ঘুরছে।

Tags :

Jim

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।