কানাডার টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামে সংগীত সন্ধ্যা এবং রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা।
দীর্ঘদিন পর প্রবাসী বাংলাভাষী দর্শকরা শীতের সমস্ত রেশ কাটিয়ে উপভোগ করেছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পদ্মশ্রী পদকপ্রাপ্ত ড. রেজওয়ানা চৌধুরী বন্যার সুরেলা কণ্ঠের রবীন্দ্র সংগীত। দুই ঘণ্টারও বেশি সময় ধরে শিল্পী টরন্টোর দর্শককে সঙ্গীতের সাগরে নিমগ্ন রাখেন।
স্থানীয় তাপস-নাহিদ ডান্স একাডেমি অনুষ্ঠানটির আয়োজন করে। বাংলাদেশের বিশিষ্ট নৃত্যগুরু লায়লা হাসান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, এরপর আয়োজক সংগঠন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা উপস্থাপন করে। অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় ছিলেন নাট্যজন সেলিম এস এইচ চৌধুরী।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আজও বাঙালি জীবনের নানা দিককে ছুঁয়ে রাখে। প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএস
