সংগীতশিল্পী অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘মথুরা: অধরা ভালোবাসার সুর’। কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে গতকাল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। সেমি-ক্লাসিক্যাল সুরের এই গানে অঙ্কনের সঙ্গে প্রথমবারের মতো কণ্ঠ মিলিয়েছেন নন্দিতা।
‘মথুরা’ গানের কথা ও সুর করেছেন অঙ্কন কুমার নিজেই। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। অঙ্কনের সঙ্গে শুভর এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশিত ‘লং ডিসট্যান্স লাভ’ গানটিরও সংগীতায়োজন করেছিলেন তিনি। ওই গানে অঙ্কনের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মুমতাহিনা মেহজাবিন আফরিন।
অঙ্কনের সংগীতজীবনের শুরু আরও আগে হলেও কোক স্টুডিও বাংলা তাঁকে বড় পরিসরের শ্রোতার কাছে পৌঁছে দেয়। এর আগে হাতিরপুল সেশনের ‘উপ’ গান দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি। পরে ‘লং ডিসট্যান্স লাভ’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। কোক স্টুডিও বাংলার বাইরে ওয়েব ফিল্ম ও সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
অন্যদিকে, নন্দিতার কোক স্টুডিও বাংলায় পথচলা শুরু প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে। গানটি প্রকাশের পর তাঁর কণ্ঠ নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়। দ্বিতীয় সিজনে তাঁর গাওয়া ‘আড়ালে দুয়ারে মোর’ গানটিও প্রশংসা পায়। এবার ‘মথুরা’র মাধ্যমে আবারও কোক স্টুডিও বাংলার নতুন আয়োজনে হাজির হলেন তিনি।
কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী, ‘মথুরা’ এমন দুই মানুষের গল্প তুলে ধরে, যাদের হৃদয়ের টান এক হলেও বাস্তবতার পথ আলাদা। তাদের সম্পর্ককে পাশাপাশি চলা দুটি সমান্তরাল রেখার সঙ্গে তুলনা করা হয়েছে—যেখানে কাছাকাছি থাকা যায়, একে অপরকে অনুভব করা যায়, কিন্তু শেষ পর্যন্ত এক হয়ে ওঠা সম্ভব হয় না।
গানটির গল্পে অপূর্ণ ভালোবাসার সেই চিরচেনা আবেগকে তুলে ধরা হয়েছে, যার সঙ্গে রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লী-মজনুর মতো কিংবদন্তি প্রেমকাহিনির অনুভূতির মিল পাওয়া যায়। তবে ‘মথুরা’র মূল সুর কোনো নির্দিষ্ট প্রেমকাহিনি অনুসরণ নয়; বরং পূর্ণতা না পাওয়া একটি সম্পর্কের স্মৃতি, আকুলতা এবং দীর্ঘস্থায়ী অনুভূতিকে সংগীতের মাধ্যমে প্রকাশ করা।
সম্পর্কের পরিণতি যা-ই হোক, ভালোবাসার অনুভূতি অনেক সময় মানুষের মনে থেকে যায় দীর্ঘদিন। সেই না বলা কথা, বিচ্ছেদের ব্যথা এবং হারিয়ে যাওয়া সম্পর্কের স্মৃতিই ‘মথুরা’র আবেগের কেন্দ্রে রয়েছে। জীবনের পথ আলাদা হয়ে গেলেও দুটি হৃদয়ে কোনো অনুভূতি কীভাবে টিকে থাকতে পারে, গানটি সেই জায়গাটিকেই সামনে আনে।
অঙ্কন, নন্দিতা ও শুভর সম্মিলিত কাজেও সেই আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেমি-ক্লাসিক্যাল সংগীতের আবহে গড়ে ওঠা ‘মথুরা’য় বিরহ, আকুলতা এবং অপূর্ণ ভালোবাসার অনুভূতি ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। অঙ্কনের কণ্ঠ, নন্দিতার পরিবেশনা এবং শুভর সংগীতায়োজন মিলিয়ে গানটি কোক স্টুডিও বাংলার এবারের সিজনে নতুন একটি আবেগঘন সংযোজন হিসেবে এসেছে।
কোক স্টুডিও বাংলায় নন্দিতার আগের দুটি গানও শুভর সংগীতায়োজনে তৈরি হয়েছিল। ফলে ‘মথুরা’ তাঁদের তিনজনের সমন্বিত কাজের আরেকটি পর্ব। আর অঙ্কনের জন্য এটি কোক স্টুডিও বাংলায় এক বছর পর নতুন গান নিয়ে ফেরার উপলক্ষ। আগের গানের সাফল্যের পর এবার ভিন্ন আবহ ও গল্পের মাধ্যমে নিজের সংগীতভুবনের আরেকটি দিক তুলে ধরেছেন তিনি।














