সংগীতের আকাশে একসময় উজ্জ্বল এক নক্ষত্র হয়ে উদয় হয়েছিলেন মাইনুল আহসান নোবেল। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পীর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে ছিল লক্ষাধিক শ্রোতা। কিন্তু অসাধারণ প্রতিভা আর সম্ভাবনার চেয়েও ব্যক্তিগত জীবন, নানা বিতর্ক এবং আইনি জটিলতার কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে অতীতের সব ঝড়ঝাপটা পেছনে ফেলে নোবেল এখন পুরোপুরি সংসারী এবং একজন দায়িত্বশীল মানুষ। স্ত্রী ও সন্তানকে নিয়ে তার এই নতুন ও পরিপাটি জীবনযাত্রা দেখে ভক্ত-অনুরাগীরাও নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন।
২০১৮ সালে ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা বাংলা’-তে অংশ নেওয়ার পর থেকেই তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন নোবেল। তার গায়কী বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু এর পরপরই গানের ক্যারিয়ারের চেয়ে মাদককাণ্ড, নারীঘটিত নানা অভিযোগ এবং একের পর এক মামলায় জড়িয়ে পড়ার কারণে তার ক্যারিয়ারে বড় ধরনের ছন্দপতন ঘটে। সংগীতের চেয়েও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হতে হয়েছে তাকে।
তবে সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে নোবেল এখন নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে বসে নিজের কোলের সন্তানকে জড়িয়ে ধরে গিটার বাজাচ্ছেন এই সংগীতশিল্পী। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন তার স্ত্রী। এছাড়া ঐতিহাসিক টাঙ্গাইলের ধনবাড়ির নবাববাড়ি থেকে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নোবেল তার সন্তানকে গেয়ে শোনাচ্ছেন জেমসের বিখ্যাত গান ‘বাবা’।
কখনও ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ আবার কখনও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশন দিয়ে স্ত্রী ও পুত্রের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবিগুলো তিনি শেয়ার করেছেন ফেসবুকে। এই ছবি ও ভিডিওগুলোর কমেন্ট বক্সজুড়ে এখন বইছে প্রশংসার জোয়ার। ভুলত্রুটি শুধরে নোবেল যেন তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেন এবং আবারও গানে মনোনিবেশ করেন— এমনটাই চাচ্ছেন তার ভক্তরা। এক নেটিজেন মন্তব্য করেছেন, পরিবার নিয়ে এভাবে সুখে থাকুন এবং অতীত ভুলে সামনের দিনগুলো সুন্দর করুন। আরেকজন লিখেছেন, আমরা আপনাকে সবসময় এই ইতিবাচক রূপেই দেখতে চাই।
উল্লেখ্য, গত বছর ব্যক্তিগত জীবনের এক বড় ঘটনায় আলোচনায় এসেছিলেন নোবেল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করেন তিনি। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সুখের সংসার করছেন এই গায়ক। তাদের কোলজুড়ে এসেছে একটি পুত্রসন্তান। কিছুদিন আগে এক কনসার্টের মঞ্চেও ছেলেকে সবার সামনে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন নোবেল। বর্তমানে তার ফেসবুক পেজ জুড়ে কেবলই স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিওর ছড়াছড়ি। অতীত ভুলে নোবেল তার সুরেলা কণ্ঠের জাদুতে আবারও শ্রোতাদের মন জয় করবেন এবং শান্তিময় জীবন কাটাবে— এখন এটাই সবার প্রত্যাশা।














