বাংলা সঙ্গীতের বৃহত্তম প্ল্যাটফর্ম শাধিন মিউজিক নতুন এক উদ্যোগ ঘোষণা করেছে, যা বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য একটি চমক। প্ল্যাটফর্মটি এবার সঙ্গীতের পাশাপাশি সাহিত্যকর্মও সরবরাহ করবে, যার মধ্যে থাকবে ক্লাসিক এবং আধুনিক রচনা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল “দেবদাস” এবং “মাসুদ রানা”-র অডিওবুক সংস্করণ।
শাধিন অডিওবুকস-এর মাধ্যমে পাঠকরা এখন শোনার সুযোগ পাবেন একশ’রও বেশি অডিওবুক, যেখানে রয়েছে বাংলা সাহিত্যের একাধিক কাল্পনিক এবং আধুনিক উপন্যাস। এই সংগ্রহটি শাধিনের শ্রোতাদের সাহিত্য ও গল্পের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
শ্রোতারা এখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়, আর্থার কনান ডয়েলসহ বহু বিশিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক লেখকের রচনা শুনতে পারবেন শাধিন অডিওবুকস-এর মাধ্যমে।
এই অডিওবুকগুলোর ন্যারেটর হিসেবে রয়েছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী ও বাচিক শিল্পীরা, যেমন: এ কে আজাদ সেতু, জাহাঙ্গীর আলম, স্বপ্নীল সোহেল, শোয়েব আহমেদ, এবং শগুপ্ত আবিদ সারী। তারা প্রতিটি রচনাকে জীবন্ত করে তোলার জন্য বিশেষভাবে মনোযোগী হয়েছেন, যাতে শ্রোতারা একটি উচ্চমানের ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা পান যা অমর হয়ে থাকবে পৃথীবীতে ।
শাধিন মিউজিকের সিইও সাবিরুল হক এই নতুন উদ্যোগ সম্পর্কে মন্তব্য করেন, “আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল একটি বহুমুখী প্ল্যাটফর্ম তৈরি করা, যা শ্রোতাদের জন্য শ্রেষ্ঠ মানসম্মত এবং স্বাস্থ্যকর বিনোদন প্রদান করবে। অডিওবুক পরিষেবা চালু করে আমরা আমাদের সেই লক্ষ্যকে একটি বড় পদক্ষেপ এগিয়ে নিলাম।”
শাধিন মিউজিকের সদস্যরা এখন মাত্র ২০ টাকার মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে সমস্ত গান, পডকাস্ট এবং অডিওবুক অ্যাক্সেস করতে পারবেন। এই পরিষেবাটি দেশের প্রধান মোবাইল অপারেটর এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাওয়া যাবে।
২০১৯ সালে যাত্রা শুরু করা শাধিন মিউজিক ইতোমধ্যেই বাংলা ভাষাভাষী শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি দেশীয় এবং আন্তর্জাতিক গানসহ বিভিন্ন ধরনের পডকাস্টের বিশাল লাইব্রেরি সরবরাহ করে থাকে।
