সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ২:১৪ এএম

ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকায় জমজমাট আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও কনসার্টের। রোববার রাতে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আলাদা দুটি কনসার্টে পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
সঞ্জয় দেব সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে ব্যাপক আলোচনায় আসেন। সেই আয়োজনের পর তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টে অংশ নেন, যেখানে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিজের সঙ্গীত পরিবেশন করেন। বিশ্বকাপকে ঘিরে এই ধারাবাহিক পারফরম্যান্সের অংশ হিসেবেই এবার তিনি ঢাকার মঞ্চে উঠছেন।
ইতোমধ্যে সঞ্জয় দেব ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের নানা মঞ্চে পারফর্ম করার সুযোগ পেলেও ঢাকায় গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর জন্য আলাদা গুরুত্ব বহন করে। এখান থেকেই তাঁর সংগীতজীবনের সূচনা, তাই এই আয়োজন নিয়ে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত।
এই কনসার্টে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। আয়োজকরা জানিয়েছেন, পরিবেশনা হবে উচ্চমানের সাউন্ড ও লাইটিং ব্যবস্থায়, যাতে দর্শকরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রওনা হবেন, যেখানে সানফ্রান্সিসকোতে তাঁর আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে। এখানে বড় পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ মিউজিক কনসার্ট। এই অংশে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।
১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মিলিত উপস্থিতিতে এটি এক স্মরণীয় রাতে পরিণত হবে। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এমন আয়োজন রাজধানীর সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য