বিয়ে নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই মানবিক উদ্যোগের জন্য নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলের তারকা ট্র্যাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়ে তারা আবারও সামাজিক দায়িত্ববোধের একটি বড় উদাহরণ তৈরি করেছেন।
তারকা জুটির এক প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ২০টি দাতব্য সংস্থার মধ্যে এই অর্থ বিতরণ করা হয়েছে। তবে কোন প্রতিষ্ঠান কত অর্থ পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক কিংবা সম্ভাব্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যও করা হয়নি। তবু আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকেই মনে করছেন, জীবনের নতুন অধ্যায় শুরুর সম্ভাবনাকে ঘিরেই তারা এই বড় মানবিক উদ্যোগ নিয়েছেন।
অনুদান পাওয়া সংস্থাগুলোর মধ্যে নিউইয়র্কভিত্তিক খাদ্য সহায়তাকারী প্রতিষ্ঠান সিটি হারভেস্ট নিশ্চিত করেছে, তারা এই তারকা জুটির কাছ থেকে ১০ লাখ মার্কিন ডলার পেয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী জিলি স্টিফেনস বলেন, নিউইয়র্কের মানুষের প্রতি টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির আন্তরিকতারই প্রতিফলন এই সহায়তা। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে ফেডারেল তহবিল কমে যাওয়ায় শহরের বিভিন্ন ফুড প্যান্ট্রি এবং বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রমের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই অর্থ খাদ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই পরিমাণ অর্থ পেয়েছে রোড আইল্যান্ড কমিউনিটি ফুড ব্যাংক। সংস্থাটির প্রধান নির্বাহী মেলিসা চেরনি বলেন, এই অনুদান তাদের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নতুন শক্তি যোগাবে। এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পুষ্টিকর ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, টেইলর ও ট্র্যাভিসের এই উদ্যোগ অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যেও দান-অনুদানের সংস্কৃতি আরও শক্তিশালী করবে।
দাতব্য কর্মকাণ্ডে টেইলর সুইফটের সম্পৃক্ততা দীর্ঘদিনের। তার বিশ্বজুড়ে আলোচিত কনসার্ট সফরের সময় তিনি যে শহরগুলোতে অনুষ্ঠান করেছেন, সেখানকার বিভিন্ন ফুড ব্যাংকে নিয়মিত আর্থিক সহায়তা দিয়েছেন। ক্ষুধা নিবারণ কর্মসূচির পাশাপাশি প্রাণী উদ্ধার কার্যক্রম, হারিকেন ও টর্নেডো দুর্গত মানুষের সহায়তা, লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, শিশু হাসপাতালের উন্নয়ন এবং ক্যানসারে আক্রান্ত ভক্তদের চিকিৎসা সহায়তায়ও তিনি একাধিকবার অনুদান দিয়েছেন। এসব কারণে সংগীতজগতের বাইরে একজন সমাজসচেতন ও উদার ব্যক্তিত্ব হিসেবেও তার পরিচিতি গড়ে উঠেছে।
অন্যদিকে ট্র্যাভিস কেলসিও বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত থাকার জন্য পরিচিত। খেলাধুলার পাশাপাশি তরুণদের শিক্ষা, স্বাস্থ্য এবং কমিউনিটি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি নিয়মিত সহায়তা দিয়ে থাকেন। ফলে এই যৌথ অনুদান তাদের ব্যক্তিগত উদ্যোগেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির সম্পর্ক নিয়ে কৌতূহল দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে তাদের বিয়ে নিয়ে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহান্তেই নিউইয়র্কে তাদের বিয়ের আয়োজন হতে পারে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার একটি রিহার্সাল ডিনারের পর শুক্রবার মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চললেও টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির সাম্প্রতিক এই ২৬ মিলিয়ন ডলারের অনুদানই এখন সবচেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছে। অনেকের মতে, ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে সমাজের প্রয়োজনীয় মানুষদের পাশে দাঁড়িয়ে এই তারকা জুটি দেখিয়ে দিয়েছেন, জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।
