সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২২ই আগস্ট ২০২৬, ১১:৮ পিএম
নিজস্ব গায়কী ও ব্যতিক্রমী সুরধারার মাধ্যমে দেশের সংগীতাঙ্গনে স্বকীয় অবস্থান তৈরি করে নেওয়া শিল্পী রেহান রাসুল নিয়ে আসছেন নতুন মৌলিক গান ‘দূরত্ব’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পী রাপ্তি সারওয়াত। চমৎকার কথামালা ও সুরের সমন্বয়ে গানটি সাজিয়েছেন রেহান রাসুল নিজেই, আর চমৎকার সংগীতায়োজন সম্পন্ন করেছেন তাসনুভ নাওয়াল। ভিন্ন আবহ ও ঘরানার দুই শিল্পীর প্রথম এই যৌথ প্রয়াস নিয়ে শ্রোতাদের মাঝে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।
সংগীতশিল্পী রেহান রাসুল মূলত ২০১৮ সালে প্রকাশিত তার ‘বাজে স্বভাব’ গানটি দিয়ে সাধারণ শ্রোতামহলে ব্যাপক পরিচিতি পান। এরপর একে একে ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’ এবং ‘হাই’-এর মতো একাধিক প্রশংসিত মৌলিক গান উপহার দিয়েছেন তিনি। ছোট পর্দা ও চলচ্চিত্রের সংগীতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রেহান। শাকিব খানের ‘তুফান’ চলচ্চিত্রে তার গাওয়া ‘আসবে আমার দিন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া অতি সম্প্রতি প্রচারিত ‘মায়াপাখি’ নাটকের শিরোনাম গানটি গেয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অন্যদিকে, গানটির সহশিল্পী রাপ্তি সারওয়াত পেশাগত জীবনে একজন সফল চিকিৎসক। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত এবং অর্জন করেছেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের সম্মানজনক ফেলোশিপ। পেশাগত দায়িত্বের পাশাপাশি সংগীতের সঙ্গে তার গভীর যোগসূত্র বজায় রয়েছে শৈশব থেকেই।
সংগীতের আঙিনায় রাপ্তির হাতেখড়ি খুব ছোটবেলায়। শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতির তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) নজরুলসংগীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। গান ও সুরের শুদ্ধতা বজায় রাখতে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতসাধক প্রয়াত সুধীন দাসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’-য় দীর্ঘদিন তালিম নিয়েছেন রাপ্তি। শৈশব ও কৈশোরের সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাই তার গায়কীর মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছে।
চিকিৎসা বিদ্যা ও পেশাগত ব্যস্ততার কারণে মাঝে দীর্ঘদিন গানে কিছুটা বিরতি পড়লেও অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার পর পুনরায় নিয়মিত চর্চায় ফেরেন রাপ্তি। প্রবাসের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। এর আগে তার কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘একা আছি তো কী হয়েছে’-র মতো জনপ্রিয় কভার গানগুলো দারুণ প্রশংসিত হয়েছে। তবে ‘দূরত্ব’ গানটির মাধ্যমেই প্রথমবার কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন তিনি, যা তার সংগীতযাত্রায় এক নতুন মাইলফলক।
গানটি প্রসঙ্গে রেহান রাসুল জানান, প্রবাসে থাকা মানুষের মনের সঙ্গে নিজ দেশের সুর, মাটি ও শিকড়ের যে গভীর ও আত্মিক যোগাযোগ রয়েছে, সেটিকে এক অনন্য সুরময় কথোপকথন হিসেবে এই গানে উপস্থাপন করা হয়েছে। সব প্রস্তুতি শেষ হওয়ায় আগামী মাসের শুরুতেই ‘দূরত্ব’ গানটি কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য