সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ৪ই জুলাই ২০২৬, ৮:১৫ পিএম

আসন্ন বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে একটি বিশেষ থিম সং। আর এই গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী রাজীব ও সানজিদা মাহমুদ লিজা। গত ২ জুলাই প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। জনসংখ্যা দিবসের মূল ভাবনা এবং সচেতনতাকে সাধারণ মানুষের মাঝে গানের সুরে ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চমৎকার ও অর্থবহ কথার এই গানটি লিখেছেন গীতিকার দীপক কুমার সাহা। গানের শুরুটা হয়েছে—‘এসেছে নতুন ভোর, খুলেছি সেবার দোর, নতুন শিশুকে করি আবাহন, যত্নে রত্ন মেলে, নিরাপদ সেবা পেলে, তার হাসিতেই হাসে এ ভুবন’—এমন দারুণ কিছু লাইনের মাধ্যমে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশের অন্যতম অভিজ্ঞ মিউজিশিয়ান ফোয়াদ নাসের বাবু। গানের রেকর্ডিং শেষে তিনি দুই শিল্পীর প্রশংসা করে বলেন, রাজীব ও লিজা দুজনেই সমসাময়িক গানের বাজারে বেশ ভালো গায়। এই গানটির মেজাজ বুঝে তারা দুজনেই খুব চমৎকারভাবে কণ্ঠ দিয়েছে। আশা করা যায় গানটি সবার মন ছুঁয়ে যাবে।
অভিজ্ঞ এই সুরকারের সঙ্গে কাজ করতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী রাজীব। তিনি বলেন, ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সুরে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। তার কাজের মধ্যে আলাদা একটা গভীরতা থাকে। এবারের জনসংখ্যা দিবসের থিম সংটির কথাগুলো যেমন সুন্দর, সুরটাও তেমনি মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করছি শ্রোতাদের কাছে গানটি দারুণভাবে সমাদৃত হবে।
অন্যদিকে লিজাও গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, গানের চমৎকার কথার সঙ্গে সুরের একটা দারুণ যোগসূত্র তৈরি করার চেষ্টা করেছেন বাবু স্যার। স্টুডিওতে গাওয়ার সময় গানের সুরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটি সামাজিক সচেতনতামূলক কাজের অংশ হতে পেরে নিজের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে।
প্রতি বছর ১১ জুলাই বিশ্বজুড়ে জনসংখ্যা দিবস পালন করা হয়। জনসংখ্যা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্য এবং নিরাপদ স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই দিবসের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বিশ্ব জনসংখ্যা দিবসের মূল অনুষ্ঠানমালার পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই থিম সংটি একযোগে প্রচার করা হবে।
মন্তব্য