ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে সংগীত পরিবেশন করবেন তিনি।
বৃহস্পতিবার টেকনোর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয় দেব। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতেই তাঁকে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে দর্শকদের নজর কাড়েন সঞ্জয়। ওই আয়োজনে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি পোশাকও বিশেষভাবে আলোচনায় আসে। বাংলাদেশের পরিচয় তুলে ধরতে তিনি রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরেছিলেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের বাংলাদেশি শিকড়ের প্রতি ভালোবাসা ও পরিচয় তুলে ধরেন এই সংগীতশিল্পী।
বাংলাদেশে পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে সংগীত পরিবেশন করা তাঁর জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতি সম্পূর্ণ আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকদের সঙ্গে আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় টেকনোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে সঞ্জয় দেবকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন টেকনো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। তিনি বলেন, সঞ্জয় দেব বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এমন একজন শিল্পীকে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজনে যুক্ত করতে পেরে তাঁরা আনন্দিত।
রেজওয়ানুল হক আরও বলেন, ফুটবল ও সংগীত—দুটিই মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে পারে। ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এই দুই মাধ্যম বিভিন্ন দেশের মানুষকে একই আবেগে যুক্ত করে। সে বিবেচনায় উদ্বোধনী অনুষ্ঠানটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস ও স্মরণীয় অভিজ্ঞতায় ভরপুর করে তোলার প্রত্যাশা করছে টেকনো।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আঞ্চলিক ফুটবলের এই আয়োজনকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ আকর্ষণ। সঞ্জয় দেবের সংগীত পরিবেশনা সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।















